
কক্সবাজারে ৪৬টি মামলায় জব্দ করা প্রায় ৯৯ কোটি টাকার বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। ধ্বংস করা মাদকের মধ্যে রয়েছে ১১ লাখ ৪২ হাজার ৫৪৩ পিস ইয়াবা ট্যাবলেট, ১ কেজি ৪৯০ গ্রাম গাঁজা, ১২ কেজি ৯৭৫ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস এবং ২৬৫ বোতল বিদেশি মদসহ বিভিন্ন ধরনের মাদক। এসব মাদকের আনুমানিক জব্দমূল্য ৯৯ কোটি ৩১ লাখ ৮৫ হাজার ৪০০ টাকা।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির মাদক ধ্বংস কমিটির উদ্যোগে এসব মাদক ধ্বংস করা হয়।
মাদক ধ্বংস কমিটির চেয়ারম্যান ও অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইরফানুল হক চৌধুরীর উপস্থিতিতে এ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আসাদ উদ্দিন মো. আসিফ এবং জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস.এম. গিয়াস উদ্দিন উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন সময়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে এসব মাদক জব্দ করা হয়েছিল। পরে সংশ্লিষ্ট মামলার আলামত হিসেবে সংরক্ষিত মাদকদ্রব্য আদালতের বিধিবদ্ধ প্রক্রিয়া অনুসরণ করে ধ্বংস করা হয়।
সীমান্তবর্তী জেলা হওয়ায় কক্সবাজারে মাদক পাচার ও বিস্তারের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিচারিক প্রক্রিয়ায়ও জব্দ করা মাদকদ্রব্য নিয়মিত নিষ্পত্তি করা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।